বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের সোহেল রানা শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে নিজবাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে বতুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় সোহেল রানা ঘটনাস্থলের নিহত হন এবং তার ছোট ভাই রাব্বী আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









