চলতি বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে নেন তানজিয়া জামান মিথিলা। পেয়ে যান মিস ইউনিভার্সের ৭৪তম আসরে অংশগ্রহণের টিকিট। অক্টোবরের শেষ দিকে ‘মিস ইউনিভার্স’–এর এই আসরে অংশ নিতে মিথিলা উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। ১২১টি দেশের প্রতিযোগীরা লড়ছেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। চলছে ভোট প্রদান কার্যক্রমও। সেখানে গিয়ে আবেগে ভাসলেন মিথিলা।
বর্তমানে থাইল্যান্ডে চলছে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। এসব ইভেন্টের প্রতিটিতেই নিজের মেধা বিকশিত করছেন তিনি। গত কয়েক দিনে একাধিক ইভেন্টে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মিথিলা।
শুধু তা-ই নয়, অনেকেই ভারত ও বাংলাদেশের প্রতিযোগীকে মিস ইউনিভার্স হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছেন, যেটা কিনা দেশের জন্য একটি বড় ব্যাপার বলেও মনে করা হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মিথিলা। সেখানে তিনি জানান, দেশের মানুষের সাপোর্ট ও উৎসাহে তিনি অনেক বেশি আনন্দিত। একই সঙ্গে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
তানজিয়া জামান মিথিলা লেখেন, ‘আমি রীতিমতো কাঁদছি। কী বলব বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান ৭৩ হাজার ভোটের মাধ্যমে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। আমি জানি না কিভাবে সবাইকে ধন্যবাদ জানাব।
এরপর মিথিলা সব ভক্ত, ভাই, বোন, বন্ধু, আত্মীয়-স্বজন, মাগুরার সব মডেল সহকর্মী, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সব শুভাকাঙ্ক্ষী, মিডিয়ার সব প্রতিবেদক ও সাংবাদিক, প্রভাবশালী ব্যক্তি, পরামর্শদাতা এবং সব শিক্ষক, সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমী এবং অনুসারী এবং বিশেষ করে তার মা, বড় বোন এবং বাংলাদেশ মিস ইউনিভার্স দলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবার সঙ্গেই থাকব। এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য কাজ করি। বাংলাদেশ অপ্রতিরোধ্য! মিস ইউনিভার্স।’
জানা গেছে, থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়ছেন মিথিলা। চলতি মাসেই অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন।










