মন গলেনি ট্রাম্পের মোদী ফিরতে না ফিরতেই ভারতের পথে আরও ১১৯ অবৈধ অভিবাসী

যুক্তরাষ্ট্রে দু’দিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর নীতির নড়চড় হয়নি একটুও। তার ফলাফল দেখা যাচ্ছে চোখের সামনেই। সফর শেষে মোদী ভারতে ফিরতে না ফিরতেই আবারও প্লেনভর্তি করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। শনিবার ভারতের মাটিতে পা রাখার কথা রয়েছে তাদের।

দুদিনের সফর শেষে গত শুক্রবার ভারতে ফিরেছেন নরেন্দ্র মোদী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকের অন্যতম আলোচ্য ইস্যু ছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন।

এর আগে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে যেভাবে হাত-পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিল, তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের রাজনৈতিক মহল। দাবি উঠেছিল, বৈঠকে নরেন্দ্র মোদী যেন ট্রাম্পের কাছে ভারতীয় অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার দাবি জানান।

কিন্তু সেই দাবি বুড়ো আঙুল দেখিয়ে শনিবার আরও ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী আরও একদল ভারতীয়কে নিয়ে একটি মার্কিন প্লেন ভারতের পথে রয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্লেনটির।

এতে মোট ১১৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তর প্রদেশের, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে দুজন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন করে রয়েছেন।

এরপর রোববার আরও একটি প্লেন ভারতে অবতরণ করবে, যাতে আরও কিছু অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে আনা হবে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে এই ধরনের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্লেন ১০৪ জন ভারতীয়কে নিয়ে ভারতে অবতরণ করেছিল। তাদের মধ্যে ৩৩ জন হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, তিনজন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং দুইজন চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন। এদের অনেকেই বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় বিপুল অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মানবপাচার চক্রের মাধ্যমে কঠিন যাত্রাপথ পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং পরে সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়।

তবে প্রত্যাবাসিত অভিবাসীদের কঠোর শর্তে ফেরত পাঠানো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ভারতে। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বর্ডার প্যাট্রোল) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফেরত পাঠানো ভারতীয়দের হাতে হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। এমনকি তাদের যেভাবে প্লেনে ওঠানো-নামানো হয়েছিল, সেই আচরণ কেবল দাগি অপরাধীদের সঙ্গেই দেখা যায়।

বিষয়টি ভারতের বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা প্রশ্ন তুলেছে, কেন ভারত সরকার নিজস্ব প্লেন পাঠিয়ে নিজ নাগরিকদের মানবিক উপায়ে ফিরিয়ে আনেনি।

কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, আজ অমৃতসরে অবতরণ করা মার্কিন প্লেনে ফেরত আসা অভিবাসীদের কীভাবে আনা হচ্ছে, তা সবার নজরে থাকবে। তাদের কি হাতকড়া ও পায়ে দড়ি পরানো হবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!