সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটির ভঙ্গুর দশা, দুর্ঘটনার শঙ্কা

যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব আর ক্রমশ ক্ষয়ক্ষতির মুখে ভঙ্গুর দশায় সেন্টমার্টিন দ্বীপে নামার একমাত্র জেটি। ওপর থেকে আপতদৃষ্টিতে ঠিকঠাক মনে হলেও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অবকাঠামোটি। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটকরা।

স্থানীয়দের দাবি, জাহাজের ধাক্কা কিংবা উচ্চ জোয়ারে ঢেউয়ের আঘাতে যে কোনো সময় ভেঙে যেতে পারে জেটিটি। তাই দ্রুত একটি নতুন জেটি নির্মাণের দাবি তাদের।

বঙ্গোপসাগরের বুকে সাড়ে আট বর্গকিলোমিটার দ্বীপ সেন্টমার্টিন। এ দ্বীপে বসবাস করে প্রায় ১০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দা। আর পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজে আসা-যাওয়া করে দুই হাজারের মতো পর্যটক। যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ।

সরেজমিন দেখা যায়, জাহাজ কিংবা ট্রলার যাত্রী বা মালামাল নিয়ে ভেড়ে সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু গুরুত্বপূর্ণ এ জেটির এখন বেহাল দশা। কোথাও রেলিং ভেঙে পড়েছে, পিলারে ফাটল ধরেছে, নিচের অংশের পুরো আস্তরণ উঠে বিপজ্জনকভাবে রড বেরিয়ে পড়েছে। জাহাজ সেন্টমার্টিন জেটিতে ভিড়লে নামার সময় পর্যটকরা বিপাকে পড়েন।

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক হুমায়ুন আহমেদ বলেন, ‘এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র, কিন্তু প্রবেশমুখের জেটিটি বিধ্বস্ত ও জরাজীর্ণ। মনে হচ্ছে, যেকোনো সময় জেটিটি ভেঙে পানিতে পড়ে যাব।’

আরেক পর্যটক ইলিয়াস বলেন, ‘এই জেটিটি সবার জন্যই ঝুঁকিপূর্ণ। কোথাও রেলিং নেই, আবার কোথাও কোথাও কাঠের পাটাতন দেয়া হয়েছে সেগুলোও নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় পানিতে পড়ে যেতে পারি এমন শঙ্কা রয়েছে। সত্যি কথা বলতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ জেটিটি।’

প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় জেটি একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়লে ২০২৩ সালে কাঠ বসিয়ে প্রাথমিকভাবে মেরামত করে চলাচল উপযোগী হয়। কিন্তু বছর না ঘুরতেই ফের বেহাল দশায় জেটিটি। এখন অনেক স্থানে কাঠ আর রেলিংও নেই। স্থানীয়দের দাবি, জেটির দেখভালের যেন কেউ নেই। নতুন একটি জেটি নির্মাণের জন্য বারবার তাগাদা দেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘এই ভাঙাচোরা জেটি নিয়ে খুব কষ্টে আছি আমরা। জরাজীর্ণ জেটির কারণে পর্যটকরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। জেলা পরিষদকে বারবার তাগাদা দিয়ে যাচ্ছি আমরা। শুনেছি জেটির জন্য একটি বাজেট হচ্ছে। তবে সেটি কবে নাগাদ বাস্তবায়িত হবে, তা ঠিক নেই।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, জেটিটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ; এ সমস্যা সমাধানে দ্রুতই পদক্ষেপ নিচ্ছে জেলা পরিষদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘শুনেছি সেন্টমার্টিনের একমাত্র জেটিটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। এ ব্যাপারে জেলা পরিষদকে চিঠি দেয়া হয়েছে। তারা জানিয়েছে, এই জেটি সমস্যা দ্রুত সমাধান করা হবে। এটা নিয়ে প্রকল্প নেয়া হয়েছে।’

সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটিতে পর্যটন মৌসুমে প্রতিদিনই পর্যটকবাহী জাহাজ ভিড়ছে ৫টি আর স্থানীয় নৌযান ভিড়ে শতাধিক।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন