যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ–আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট ৬৭ জন আরোহী ছিলেন। তাঁদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ–আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের প্রধান জন ডোনেলি বলেন, ‘প্রায় ৩০০ জন উদ্ধারকারী রাবারের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছেন এবং উদ্ধারকাজ চালাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি না, এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে ফিরতে পারবেন।’

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন। সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা হেদার চাইরেজ।

২০০৯ সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী দুর্ঘটনা। ১৯৮২ সালে পটোম্যাক নদীর ওপর ফোরটিনথ স্ট্রিট ব্রিজে এয়ার ফ্লোরিডা ফ্লাইট ৯০ বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু নিহত হন। শুধু চার যাত্রী ও একজন ক্রু বেঁচে গিয়েছিলেন।

এদিকে সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টার একটি অডিও থেকে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন।

লাইভএটিসি ডট নেট থেকে অডিওটি সংগ্রহ করেছে সিএনএন। এতে আমেরিকান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের আগে, সংঘর্ষের মুহূর্তে এবং পরবর্তী সময়ের অডিও আছে।

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা হেলিকপ্টারের পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কি না। নিয়ন্ত্রণকক্ষ থেকে হেলিকপ্টারের পাইলটের উদ্দেশে বলা হয়, ‘পিএটি টু-ফাইভ, আপনি কি সিআরজে উড়োজাহাজটিকে দেখতে পাচ্ছেন?’ এরপর নিয়ন্ত্রণকক্ষ থেকে আবার বলা হয়, ‘পিএটি টু-ফাইভ, সিআরজে উড়োজাহাজের পেছন দিক দিয়ে পার হন।’

সংঘর্ষের আগমুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের আরেকটি অডিওতে হেলিকপ্টারের পাইলটকে বলতে শোনা যায়, ‘উড়োজাহাজটিকে দেখতে পেয়েছে পিএটি টু-ফাইভ, ভিজ্যুয়াল সেপারেশনের অনুরোধ জানাচ্ছি।’

এরপর ১৩ সেকেন্ডের কম সময়ের মধ্যে অডিওতে হাঁপানোর মতো কিছু শব্দ শোনা যায়। জোরে ‘ওহ্‌’ বলে একটি শব্দও শোনা গেছে। বিধ্বস্ত হওয়ার সময় ওই শব্দগুলো ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি–সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।

দুর্ঘটনার সময় জর্জ ওয়াশিংটন পার্কওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এরি শুলম্যান। তিনি উড়োজাহাজটিকে বিধ্বস্ত হতে দেখেছেন। এরি শুলম্যান এনবিসি ওয়াশিংটনকে বলেন, ‘শুরুতে উড়োজাহাজটির অবতরণ স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সেটি ডান দিকে বাঁক নেয় এবং তার নিচের অংশ থেকে ঝাঁকে ঝাঁকে স্ফুলিঙ্গ নির্গত হতে থাকে, যা পুরো উড়োজাহাজকে আলোকিত করে।’

শুলম্যান আরও বলেন, তিনি তখন বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল হচ্ছে। কারণ, রাতের বেলা অবতরণকালে উড়োজাহাজের নিচের অংশ এতটা দৃশ্যমান হওয়ার কথা নয়।

বিবিসি জানায়, দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির এক যাত্রীর স্বামী হামাদ রাজা তাঁর আরোহী স্ত্রীকে স্বাগত জানাতে এবং এগিয়ে নিতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। হামাদ রাজা জানান, স্ত্রীর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি, এমন সময় আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান তিনি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের