ঢাকার নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন আরমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। স্মরণ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বান্দুরা ইউনিয়নের চালনাই ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামের আরশেদ বেপারীর ছেলে। তিনি বাগমারা বাজারের টেস্টি ট্রিট নামের ফাস্টফুডের দোকানে চাকরি করতেন। আহত স্মরণ বক্সনগর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দুরা ইউনিয়নের চালনাই ব্রিজের ঢালে দ্রুতগতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরমান ও স্মরণ আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় রেফার করেন দায়িত্বরত চিকিৎসক। রাত ১০টার দিকে আরমানকে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










