হাবিবুর রহমান মুন্না,জেলা প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানি ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী মো. শাহ পরান (২৮)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ পরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, পূর্ব শত্রুতার জেরে নিজের বড় ভাই ফজর আলীর ওপর প্রতিশোধ নিতে এই হামলার পরিকল্পনা করে। প্রায় দুই মাস আগে পারিবারিক একটি ঝগড়ার সময় ফজর আলী গ্রাম্য সালিশে তাকে জনসমক্ষে চড় মারে। সেই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান এই ন্যক্কারজনক ঘটনার ছক আঁটে।
ঘটনার দিন, ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে ওই নারীর বাড়িতে হামলা চালায়। রাত ১১টা ৩০ মিনিটে প্রথমে ফজর আলী ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর রাত ১১টা ৫০ মিনিটে পূর্ব থেকে অপেক্ষমাণ অনিক, আরিফ, সুমন, রমজানসহ আরও ৮-১০ জন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করে। তারা এই পাশবিক ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ২৯ জুন মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (মামলা নম্বর: ২০/২০২৫)। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর শাহ পরানসহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তবে র্যাবের তৎপরতায় দ্রুত মূল হোতা শাহ পরানকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।










