ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝনদীতে আটকা পড়েছে ছোট-বড় পাঁচটি ফেরি। এ ছাড়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার মাত্রা না কমায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পাড়ের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি। এর মধ্যে রয়েছে চেয়ারকোচ পরিবহন, ট্রাক, প্রাইভেট কার, পচনশীল পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন। তীব্র শীতে কষ্ট পাচ্ছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ২টা থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত সাড়ে ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
এ জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ৯৬টি যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকালে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।










